সম্প্রতি চেলসির সঙ্গে চুক্তি নবায়ন করা ইংলিশ মিডফিল্ডার পালমার ব্লুজদের অফিশিয়াল ওয়েবসাইটকে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি চেলসিতে যোগ দেওয়ার পর থেকে নিজের অভিজ্ঞতা এবং দলের কাছে প্রত্যাশা নিয়ে কথা বলেছেন।

চেলসিতে প্রথম যোগ দেওয়া প্রসঙ্গে

“মনে আছে, তখন সবকিছু একেবারে অবাস্তব মনে হচ্ছিল। আমি কখনো ম্যানচেস্টার ছেড়ে যাইনি, আর হঠাৎ করেই এখানে চলে এলাম। ট্রান্সফার উইন্ডোর শেষ দিন, সবকিছু খুব দ্রুত ঘটে গেল। তখন মনে মনে ভাবছিলাম: ‘কী হচ্ছে এসব?’ ব্যাপারটা যেন গতকালের ঘটনা। সবকিছুই অচেনা ছিল, কিন্তু আমি দ্রুত মানিয়ে নিই, শুধু মাঠে নেমে খেলতে চাইছিলাম।”
প্রথম ‘ঠান্ডা’ উদযাপন প্রসঙ্গে
“বড়দিনের আগের রাতে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর সেটাই ছিল আমার প্রথম ম্যাচ, আমি ২৭ তারিখের ম্যাচটা মিস করেছিলাম। ফেরার পর প্রথম ম্যাচ, দুপুর সাড়ে ১২টায়, ম্যাচটা আমি দারুণ উপভোগ করেছিলাম। আর উদযাপনটাও ছিল একটা সুন্দর শুরু, তাই না?”
এভারটনের বিপক্ষে নিখুঁত হ্যাটট্রিক প্রসঙ্গে
“আমার মনে হচ্ছিল আমি দুর্দান্ত ফর্মে আছি, সবকিছু ঠিকঠাক চলছিল। আমার পাঁচ-ছয়টা গোল করা উচিত ছিল। মনে আছে একটা সুযোগ নষ্ট করে খুব রেগে গিয়েছিলাম, কিন্তু পরে চতুর্থ গোলটা করি, সেটা ভালো ছিল।” এই ম্যাচে পালমার প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্রুততম নিখুঁত হ্যাটট্রিকের রেকর্ডও গড়েন।
ব্রাইটনের বিপক্ষে প্রথমার্ধেই চার গোল প্রসঙ্গে
“এটাই ছিল সবচেয়ে অদ্ভুত। ম্যাচের দিন ভোর ৫টায় আমি ঘুমাতে গিয়েছিলাম। অনিদ্রা ছিল কি না মনে নেই, তবে শেষ পর্যন্ত খুব দেরিতে ঘুমিয়েছিলাম। তারপর আমি ৪ গোল করি, আর একটা সুযোগ নষ্ট করি। আমার মনে হয় সেটা অফসাইড ছিল, কিন্তু আমার বাবা তা মনে করেন না। তিনি বললেন আগে ঘুমালে হয়তো আমি ৬ গোল করতে পারতাম। আমি তাঁকে বললাম, আগে ঘুমালে আমি ওই চারটা গোলের সুযোগই পেতাম না!”
কনফারেন্স লিগ ফাইনালে ২টি অ্যাসিস্ট প্রসঙ্গে
“প্রথমার্ধে আমরা খুব বাজে খেলেছিলাম, আমাদের অলৌকিক কিছু করা শুরু করতে হতো। আমার মনে হয়েছিল এটা করা আমার দায়িত্ব। এর আগেও আমি কয়েকটা ফাইনাল খেলেছি, কিন্তু চেলসির হয়ে ফাইনাল জেতার অনুভূতিটা দারুণ। সুন্দর স্মৃতি।”
২০২৫ ক্লাব বিশ্বকাপ এবং ১০ নম্বর জার্সি পরা প্রসঙ্গে
“যখন ১০ নম্বর জার্সিটা খালি হলো, আমার মনে হলো এটা আমার জন্য মানানসই। ছোটবেলায় আমি ১০ নম্বর পরতাম, তাই এটাই বেছে নেওয়া সবচেয়ে উপযুক্ত ছিল। ক্লাব বিশ্বকাপের ফাইনালটা ছিল দারুণ রোমাঞ্চকর, নিউইয়র্ক, বিশাল স্টেডিয়াম, ট্রফি হাতে তোলা, সব মিলিয়ে দিনটা আমার ক্যারিয়ারের সেরা দিনগুলোর একটি। সেই মুহূর্তে আমি সারা বিশ্বকে দেখিয়েছি আমি কে।”
ক্লাবের সঙ্গে ৮ বছরের চুক্তি নবায়ন প্রসঙ্গে
“আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি চেলসি খুব শিগগিরই শীর্ষে ফিরবে, আমি তার অংশ হতে চাই এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাই। চেলসি আমার কাছে অনেক কিছু।”
বাংলা তথ্য[0]
বাংলা তথ্য[0]